করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য ও মানসিক দিক পর্যবেক্ষণে প্রযুক্তির সহায়তা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত পুরুষ ও নারী দুই বিভাগের পুলের ক্রিকেটারদের অ্যাপের আওতায় আনছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। যার মাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্যগত সবশেষ অবস্থা জানা যাবে সহজেই। আর সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে বিসিবি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘কোভিড-১৯ ওয়েলনেস’ অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিসিবি। মূলত স্পোর্টস অ্যানালাইটিক্স সফটওয়্যার ‘এজ টেন’ সম্প্রসারিত করে তৈরি করা হয়েছে ‘কোভিড-১৯ ওয়েলনেস’ অ্যাপ। এই অ্যাপেও আওতায় থাকা খেলোয়াড়দের দৈনন্দিন স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা যাবে সহজেই।
বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ জানান, খেলোয়াড়দের কোভিড-১৯ উপসর্গ বা এর লক্ষণ সম্পর্কিত কিছু প্রশ্ন দৈনিক দেওয়া হবে। তারা সেগুলোর উত্তর দেবেন। প্রশ্নগুলো তৈরি করা হয়েছে বিসিবির মেডিকেল টিম দ্বারা। ক্রিকেটারদের দেওয়া উত্তরগুলো অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থানে নেবে বিসিবির মেডিকেল টিম।
প্রাথমিকভাবে এই অ্যাপের আওতায় থাকছেন জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের খেলোয়াড়, নারী জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। আপাতত ৭০ জনের মতো ক্রিকেটার থাকছেন এই অ্যাপের আওতায়। প্রয়োজনে যা সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে বিসিবি।
করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত রাখা হয়েছে। ক্রিকেটাররা তাই এক রকম ঘরবন্দী। যতদূর সম্ভব, ঘরে থেকে ব্যক্তিগত অনুশীলনই ভরসা মুশফিক-মাহমুদউল্লাহদের। তবে বিসিবি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত দিকে নজর রাখছে নিয়মিত।