পার্বতীপুরে সামাজিক নিরাপত্তার ভাতাভোগী তালিকায় আরও ৩১০৫

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দিনাজপুরের পার্বতীপুরে নতুন করে তালিকাভূক্ত আরও ৩১০৫ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও অসচ্ছল প্রতিবন্ধীকে ভাতা সুবিধার আওতায় আনা হয়েছে । 
 
এ নিয়ে উপজেলায় পুরাতন ১৬ হাজার ৬২৩ জন ও নতুন ৩ হাজার ১০৫ সহ মোট ভাতাভোগী ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭২৮ জন।  
 
বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর সোনালী ব্যাংক শাখা অফিসে ২০১৯-২০২০ অর্থবছরে তালিকাভূক্ত ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন- পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফিজুল ইসলাম প্রামানিক।
 
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, ভবানীপুর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ আনোয়ার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় বলেন, ২০১৯-২০২০ চলতি অর্থ বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় নতুন করে বয়স্ক ভাতায় ৯০০, বিধবা ভাতায় ৭৪০ ও প্রতিবন্ধী ভাতায় ১ হাজার ৪৬৫ জনসহ মোট ৩১০৫ জন নতুন ভাতার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।