করোনার মধ্যে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে চুয়াডাঙ্গার ১৫ ভক্তকে। গত বুধবার রাতে জেলার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে এ ঘটনা ঘটে। বিষয়টি তুমুল সমালোচনাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে অবস্থান নিয়ে ১৫-১৬ জনের একদল তরুণ আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করছিলেন। এ সময় রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। পরে করোনার মধ্যে সরকারি নির্দেশ অমান্য ও শারীরিক দূরত্ব বজায় না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জন্মদিন পালন করা ১৫ তরুণকে ১০০ টাকা করে এবং ওই কফি হাউজের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, করোনার সংক্রমণরোধে সরকারি নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন বিকেল ৪টার পর থেকে আমরা নিয়মিত টহলে বের হই। বুধবারও নিয়মিত টহলের অংশ হিসেবে বাসস্ট্যান্ডে পৌঁছলে ওই তরুণদের অবস্থান দেখা যায়। কারণ জানতে চাইলে জবাবে তারা জানায়, মেসির জন্মদিনের জন্য তাদের অবস্থান। একে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর তারা শারীরিক দূরত্ব বজায় না রেখেই অবস্থান করছিল।