শিরোপা সমর্থকদের উৎসর্গ করলেন লিভারপুল কোচ

তিরিশ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারায় উচ্ছ্বসিত লিভারপুল শিবির। বহুল প্রতীক্ষিত এই অর্জন ক্লাবটির সমর্থকদের উৎসর্গ করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

গত বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপা জয়ের একেবারে চলে আসে লিভারপুল। বাকি সাত ম্যাচে দরকার ছিল দুই পয়েন্ট। এর মধ্যে বৃহস্পতিবার রাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি চেলসির মাঠে ২-১ গোলে হেরে গেলে লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যায় ক্লপের দলের।

তিন দশক পর প্রিয় দল লিগ চ্যাম্পিয়ন হওয়ায় করোনাভাইরাসের কারণে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উদ্‌যাপনে মাতে লিভারপুলের সমর্থকেরা। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমর্থকদের শৃঙ্খলা না ভাঙতে আহ্বান জানান ক্লপ।

স্কাই স্পোর্টসকে জার্মান এই কোচ বলেন, “এটা অসাধারণ একটি মুহূর্ত। আমি খুবই অভিভূত। আজকের রাতের এই উদ্‌যাপন আপনাদের জন্যই।”

“এটা অবিশ্বাস্য অর্জন। আমি আশা করব, আপনারা ঘরে থাকবেন অথবা চাইলে নিজেদের বাড়ির সামনে পর্যন্ত যেতে পারেন। কিন্তু এর বেশি না। এই মুহূর্তে আমরা একসঙ্গে এটুকুই করব। আপনাদের এই উপলক্ষ এনে দিতে পারাটা আনন্দের।”

তবে লিভারপুল কোচ প্রতিশ্রুতি দিয়েছেন, পরিস্থিতি ভালো হলে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের মতোই উদ্‌যাপনে মাতার জন্য সবকিছুই আয়োজন করা হবে।

“আমরা আমাদের সমস্ত সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের করব। ছবি তুলব। যথাযথ মর্যাদায় আমরা উদ্‌যাপন করব।”

কিন্তু ক্লপের আহ্বানে সমর্থকেরা খুব সাড়া দিয়েছেন বলে মনে হয়নি। রাতেই অ্যানফিল্ডে বিজয় মিছিল নিয়ে বের হয় তারা। তাতে করোনাভাইরাসের বিধিনিষেধ মানারও খুব একটা বালাই ছিল না।