টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৫৫ জন করোনায় সংক্রমিত হলেন।
শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ জুন ১৫টি সংগৃহীত নমুনা ঢাকার আই পি এইচ ল্যাবে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শুক্রবার ১০ জনের করোনায় আক্রান্তের খবর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।
শুক্রবারের আক্রান্তদের মধ্যে রয়েছে- মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য, মির্জাপুর বাজারের দুই ভাই, আরেক ব্যক্তি (২৯), ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের এক নারী (৫৮), গোড়াই খামারপাড়ার এক পুরুষ (৫০), গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের এক নারী (৪০), লতীফপুর ইউনিয়নের বান্ধাচালা গ্রামের এক নারী (৩৮) এবং গোড়াই এলাকার এক পুরুষ (৩২)
বৃহস্পতি ও শুক্রবার দুইদিনে মির্জাপুরে ৩০ জন করোনায় আক্রান্তের খবরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নং ওয়ার্ডে (বাজার এলাকা) লকডাউন চলছে। আগামী ২ জুলাই পর্যন্ত তা চলবে। করোনা ঝুঁকি এড়াতে শুক্রবার সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মির্জাপুরে সংক্রমিত ১৫৫ জনের মধ্যে ৪ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩২ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।