এক বছর পিছিয়ে গেল ডেভিস কাপ ও ফেড কাপ

করোনাভাইরাসের কারণে একসঙ্গে টেনিসের দুটি বড় আসর পিছিয়ে দেওয়া হলো। নভেম্বরে ডেভিড কাপ কোর্টে গড়ানোর কথা থাকলেও তা ২০২১ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ফেড কাপের চূড়ান্ত পর্ব পিছিয়ে দেওয়া হয়েছে আগামী এপ্রিল পর্যন্ত।

নভেম্বরে স্পেনের মাদ্রিদে বসার কথা ছিল ডেভিস কাপের মূলপর্ব। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বিশ্বের ১৮টি দেশের। কিন্তু করোনাভাইরাসে প্রভাবিত মাদ্রিদের অবস্থা খুব একটা স্বাভাবিক না হওয়ায় ইভেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)।

শুধু সময়টাই পরিবর্তন করা হয়েছে, আয়োজক অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ২০২১ সালের ২২ নভেম্বর থেকে শুরু হবে এই ইভেন্ট।

এদিকে এ বছরই প্রথম ফেড কাপ চালু করে আইটিএফ। টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। গত এপ্রিলে হওয়ার কথা ছিল এই ইভেন্ট। কিন্তু করোনার কারণে তা স্থগিত করে দেওয়া হয়।

সেই ফেড কাপের পরিবর্তিত সূচিও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ২০২১ সালের ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে হবে টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো।