স্বজনপোষণের অভিযোগ, পদত্যাগ করছেন করন জোহর

গত এগারো দিন ধরে নেপোটিজম-তীরে বিদ্ধ পরিচালকের পাশে নাকি তার আপনজনেরা কেউ দাঁড়াননি। আর সে কারণেই নাকি তিনি নিতে চলেছেন এক বড়সড় সিদ্ধান্ত।

ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাই চলচ্চিত্র উৎসবের পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন করন জোহর। ইতিমধ্যেই নাকি মুম্বাই চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর স্মৃতি কিরণকে নিজের ইস্তফাপত্র জমাও দিয়ে দিয়েছেন তিনি। ওই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন দীপিকা পাড়ুকোন যদিও তাকে বোঝানোর চেষ্টা করেছেন বেশ কয়েকবার। কিন্তু করণ নাকি তার সিদ্ধান্তে অটল।

সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে সবচেয়ে আগে যার নাম উঠে এসেছে, তিনি করন জোহর। বেছে বেছে স্টারকিডদের জায়গা করে দেওয়া এই প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। বাধ্য হয়েই দিন কয়েক আগেই ইনস্টাগ্রাম এবং টুইটারের কমেন্ট সেকশন বন্ধ করেছেন তিনি। কিন্তু তাতেও ট্রোলিং পিছু ছাড়েনি। উপরন্তু দিন দিন বেড়েই চলেছে। সুশান্তের মৃত্যুর জন্য নেটাগরিকের চোখে রাতারাতি ‘ভিলেন’ হয়ে যাওয়া করন সে কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন? এ দিকে করনের টক শো ‘কফি উইদ করণ’-ও নাকি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বেজায় চাপে করন জোহর।