চট্টগ্রামের বরুমতি খাল রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি খাল ‘সংস্কারের নামে লুটপাট’ বন্ধসহ এর রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বরুমতি খাল বাঁচাও ও সংরক্ষণ কমিটি’র ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, ‘চন্দনাইশের মানুষের চাষাবাদ ও জীবন-জীবিকার মাধ্যম এই বরুমতি খাল। শীত মৌসুমে সংস্কারকাজ না করে বর্ষায় সংস্কার করা হচ্ছে। এতে নামমাত্র কাজ করে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের আয়োজন করা হয়েছে। তা ছাড়া এতে খালের সংস্কার ও সংরক্ষণ তো হবেই না; বরং খালটি আরও হুমকির মুখে পড়বে।’ এ সময় সংস্কারের নামে ঠিকাদারের দুর্নীতি ও সরকারি টাকা লুটপাট বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রবীণ সাংবাদিক হারাধন দাশের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজনীতিবিদ রেজাউল করিম তালুকদার, ইতিহাসচর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ্দিন, অধ্যাপক ওসমান জাহাঙ্গীর, ডা. আবদুল্লাহ মজুমদার প্রমুখ।