বরিশালে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশালে গভীর রাতে ব্যবসায়ী লোকমান হোসেন ওরফে খোন সিকদারকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। তবে কে বা কারা তাকে কেন কুপিয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি তারা।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা লোকমান হোসেনকে কুপিয়ে হত্যা করে। 

নিহত লোকমান হোসেন খোকন স্থানীয় ফুলতলা গ্রামের বাসিন্দা এবং মোসলেম সিকদারের ছেলে। 

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত অবস্থায় লোকমান হোসেন খোকন শুক্রবার রাত ১১টার দিকে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে ছিলেন। কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

পুলিশ জানায়, শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার শরীরে ধারাল অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।  ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।