হাফিজ-শাদাবকে ছাড়াই ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান

২৮ জনের মধ্যে ১৮ ক্রিকেটার নিয়ে ইসিবির ভাড়া করা বিমানে আজ ইংল্যান্ড রওনা হচ্ছে পাকিস্তান দল। যাওয়ার আগের দিন একটা ভালো খবর নিয়ে যেতে পারছে তারা। ১০ করোনা আক্রান্ত খেলোয়াড়ের ৬ জনের দ্বিতীয় পরীক্ষায় ‘নেগেটিভ’ এসেছে। তবে মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও মোহাম্মদ রিজওয়ানের ইংল্যান্ড যাওয়া নির্ভর করছে আরেকটি ‘নেগেটিভ’ ফলের ওপর। আগামীকাল এই পরীক্ষা করা হবে।

পাকিস্তান চেয়েছিল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সব সদস্যকে একসঙ্গে ইংল্যান্ড পাঠাতে। এতে করে সবাই একসঙ্গে কোয়ারেন্টাইন পর্ব শেষ করতে পারবে। কিন্তু ইংল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা শুনিয়ে ইসিবি জানিয়েছে পজিটিভ আসাদের আরও দুবার নেগেটিভ না আসা পর্যন্ত দেশটিতে প্রবেশের সুযোগ নেই। তাই বাধ্য হয়েই দুই বারে দল পাঠাতে হবে পিসিবিকে। ইংল্যান্ডের পা রাখার পর উস্টারের ব্লাকফিঞ্চ নিউরোড অ্যাকাডেমিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান। সেখান থেকে তাদের সিরিজের প্রস্তুতির জন্য ইনকোরা কাউন্টি মাঠে নেওয়া হবে ১৩ জুলাই। সেখানেই প্রথম টেস্টের আগ পর্যন্ত অনুশীলন করবে পাকিস্তান। নিজেদের মধ্যে দুটি চারদিনের ম্যাচও খেলবে তারা।

আজ আসলে পাকিস্তান ছাড়বে ২০ ক্রিকেটার। এদের ১৮ জনের দুবার নেগেটিভ এসেছে। বাকি দুজন রিজার্ভ থেকে ডাকা উইকেটকিপার রোহাইল নাজির ও ফাস্ট বোলার মুসা খান। রিজার্ভ থেকে ডাকা ৫ জনের মধ্যে ইমরান বাটের দ্বিতীয়বার করোনা পজিটিভ এসেছে। এছাড়া বাঁহাতি স্পিনার জাফর গওহর আগে থেকেই ইংল্যান্ডে আছেন। পিসিবির সিইও ওয়াসিম খান জানান, হাফিজ ও ওয়াহাব ব্যক্তিগতভাবে যে পরীক্ষা করিয়েছিলেন, সেগুলোর ফল বোর্ড বিবেচনায় নেবে না। ১১ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন আজ। পরিবারের সঙ্গে দেখা করতে দুবাই যাওয়া শোয়েব মালিক যাচ্ছেন আলাদাভাবে।