বিদায় বললেন রিয়া সেন

বলিউডে আর অভিনয় করবেন না বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন! কেন? জানা গেল, সেক্সি, হট কথা শুনতে শুনতে বিরক্ত হয়েই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া একই চরিত্রের অভিনয় করতে করতেও তিনি বিরক্ত। এ থেকে মুক্তি পেতেই তিনি বলিউড থেকে বের হয়ে যাচ্ছেন। রিয়া সেনের কথায়, ‘তখন মাত্র ১৬। সেই থেকে শুনছি, আমি ‘সেক্সি’, আমি ‘সাহসী’। শব্দ দুটো সেই যে সেঁটে গেল গায়ে, আর মুছলই না! তখন থেকে এর ভার বইতে বইতে আমি ক্লান্ত। আর ভালো লাগে না শুনতে। রাস্তায় বা পার্টিতে সাধারণ মানুষ আমাকে দেখলেই আড় চোখে এমন ভাবে তাকায় যেন পর্দা আর বাস্তবের আমি এক! সত্যিই কি তাই?’

এই কারণেই নাকি বলিউড থেকে বেশ কিছুদিন দূরে রিয়া সেন। তার কথা অস্বীকার করার উপায় নেই। ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে বিকিনি, সুইম স্যুট, সাহসী দৃশ্যে একের পর এক অভিনয় করে গেছেন রিয়া, তাতে সাধারণ মানুষ থেকে বলিউড তাকে অন্য নজরে দেখতে শুরু করেছে। রিয়ার অভিযোগ, ‘শুরু থেকে বলিউড আমাকে এই ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর অবস্থা তৈরি হয়েছে। আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারও সঙ্গে। স্কুলের সময় থেকে আজ পর্যন্ত শুনে আসা এই দুটো তকমা তাই যে করেই হোক মুছতে চাই।’ তার আরও দাবি, ‘দিনের পর দিন চুল কার্ল করে, চড়া মেকআপ নিয়ে আর কাজ করতে পারছি না। তাই অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ নিয়েছি।’

চলতি মাসেই মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার্সের ওয়েব সিরিজ ‘পতি, পতœী ঔর উও’। যেখানে রিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এই চরিত্র পেয়ে খুশি মুনমুন সেনের ছোট মেয়ে? উচ্ছ্বসিত রিয়া বলেন, ‘দারুণ লাগছে কাজটি করে। হিন্দি ছবির দুনিয়া থেকে ওয়েব প্ল্যাটফর্ম অনেক আনন্দদায়ক আমার জন্য। খুল্লামখুল্লা হয়ে দেখানোর আর কিছুই বাকি নেই!’

১৯৯৮-এ ফাল্গুনী পাঠকের ভিডিও মিউজিক ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ মুনমুন কন্যার প্রথম কাজ। বড়পর্দায় তিনি আসেন ১৯৯৯-এ। ভারতী রাজার তামিল রমকম ছবি ‘তাজমহল’-এ। এ ছাড়াও ঝঙ্কার বিটস, আপনা স্বপ্না মানি মানি, হে বেবিসহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন রিয়া। টলিউডেও নৌকাডুবি, জাতিস্বর-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।