ওয়ালমার্টে গুলি চালিয়ে ২ জনকে হত্যা

ক্যালিফোর্নিয়ার একটি ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে গুলি চালিয়ে ২ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

পুলিশ জানিয়েছে, শনিবারের ওই এলাকা থেকে একাধিক জরুরি কল পাওয়ার পর বন্দুকধারী ব্যক্তিকে ‘নিয়ন্ত্রণে’ নেয়া হয়। তবে পৌছাতে পৌছাতে ১৫ মিনিট সময় লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি গাড়ি চালিয়ে ডিস্ট্রিবিউশন সেন্টারের প্রধান পার্কিং লটের দিকে এগিয়ে আসেন। এরপর একটি বিল্ডিংয়ের সঙ্গে নিজের গাড়ি ধাক্কা দেয়ার আগে চারবার ওই এলাকাটি প্রদক্ষিণ করেন। হঠাৎ গাড়ি থামিয়ে রাইফেল ঘরানার একটি অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন।

ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপারস্টোর ওয়ালমার্টের ওই কেন্দ্রের ভেতর প্রায় ২০০ কর্মী ছিলেন।

অভিযুক্তকে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

অন্য আহতরা সুস্থ আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।