প্রকাশ্যে মাইক্রোবাস চালক খুনের অভিযোগে যুবলীগ নেতা আটক

যশোরের বাঘারপাড়ায় প্রকাশ্যে এক মাইক্রোবাস চালককে খুনের অভিযোগে আটক হয়েছেন যুবলীগ নেতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ হত্যার অভিযোগে বরকত নামে যুবলীগের ওই নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে বলে জানায়। আটক বক্তি যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ার মাহফুজুর রহমানের ছেলে ও পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

নিহত রিপন হোসেন উপজেলার মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বরকত দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে মাইক্রোবাস স্ট্যান্ড থেকে কয়েকজন তার স্ত্রীকে ইভটিজিং করে। সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে বরকত ও তার স্ত্রী ওই ব্যক্তিদের সাথে তর্ক জুড়ে দেন। ঘটনা হাতাহাতির পর্যায়ে গেলে হিরু নামে এক ব্যক্তি থামাতে গেলে বরকত সঙ্গে থাকা চাকু বের করে তার হাতে আঘাত করেন। এ সময় মাইক্রোবাসচালক রিপন তা প্রতিহত করতে গেলে তার বুকে চাকু বসিয়ে দেন বরকত। আশেপাশে থাকা শতাধিক মানুষ বরকত ও তার স্ত্রীকে ঘিরে ফেলে। 

পুলিশ আরো জানায়, ছুরিকাহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হিরুকে প্রাথমিক চিকিৎসা ও অবস্থার অবনতি হওয়ায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর আড়াইটার দিকে তাকে সেখানে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, শতাধিক মানুষের সামনে এ হত্যার ঘটনা ঘটেছে। উপস্থিত মানুষ ছুরিকাঘাতকারী বরকত ও তার স্ত্রীকে ঘেরাও করে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় আনে। হত্যার অভিযোগে বরকতকে আটক করা হয়েছে।

তিনি জানান, যশোর শহরের বাসিন্দা বরকত তার প্রথম স্ত্রীর যৌতুক মামলায় পলাতক ছিলেন বাঘারপাড়ায়। তার বিরুদ্ধে যশোর কোতয়াল থানায় একধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

তিনি আরো জানান, বরকত যশোর শহর যুবলীগের ১ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক।

যশোর শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু আটক বরকতের পদ নিশ্চিত করে বলেন, হঠাৎ করে ও খারাপ হয়ে গেল। এমন ছিল না।