মাদারীপুরের রাজৈরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিটুন বিশ্বাস করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন ইউএনও ও আরএমও ছাড়াও ডা. মিটুন বিশ্বাসের স্ত্রী প্রিয়াংকা ও তিন পুলিশসহ উপজেলায় ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, গত ১৯ ও ২০ মে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রবিবার তাদের রিপোর্ট আসে।
এদিন মাদারীপুর জেলায় মোট ৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজৈর ছাড়া সদরে ৯জন ও কালকিনিতে ৪জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় ৭২জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৬৫ জন।
যুগ্ম সচিব ও মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রথমে শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হন । রবিবার রাজৈরের ইউএনও সোহানা নাসরিনেরও করোনা পজিটিভ এসেছে । আমি তার ও তার পরিবারের আরোগ্য কামনা করি। জেলা প্রশাসন সব সময় তার খোঁজ খবর নিচ্ছে। সুস্থ হয়ে যেন দ্রুত কাজে যোগদান করতে পারে ।