মাদারীপুরের রাজৈরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক-দুলাভাই দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীনদী এলাকার নবার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্নু খাঁর ছেলে নাজমুল খাঁ (১৭) এবং নেত্রকোনা জেলার বাসিন্দা রফিকুল ভুঁইয়ার ছেলে সাইমুন ভুঁইয়া (৩৫)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইমুন ভুঁইয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীর বাজার থেকে সোনাপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন নাজমুল খাঁ। পথে শ্রীনদী এলাকার নবার মোড়ে পৌঁছলে একটি চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নাজমুল খাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইমুন ভুঁইয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার পর শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
