পঞ্চগড়ে চা পাতার মূল্য হ্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে চা কারখানাগুলো অবৈধভাবে কাঁচা চা পাতার মূল্য হ্রাস করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন’। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক মূল্য নির্ধারণ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল হক খোকন।

তিনি বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৫টি চা নিলাম বাজারের গড় মূল্যের ওপর ভিত্তি করে প্রতি কেজি ১৪ টাকা দরে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়। পরবর্তী সভা না হওয়া পর্যন্ত ওই ক্রয়মূল্য অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কিন্তু গত ২৫ জুন থেকে সিন্ডিকেটের মাধ্যমে ১২ টাকা কেজি দরে ক্রয় শুরু করেছেন কারখানা মালিকরা। নানা অজুহাতে চা চাষিদের সরবরাহকৃত কাঁচা চা পাতার ওজন ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর্তন করে মূল্য প্রদান করছেন। ফলে উৎপাদন খরচের অনেক কম মূল্যে কাঁচা চা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চা চাষিরা। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।’