মির্জাপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৮৩

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও তার মেয়ের পর ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে দাঁড়ালো ১৮৩ জন।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ২৪ জুন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা মির্জাপুরের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠায়। সেখান থেকে রবিবার ৮ জন এবং আজ সোমবার দুইজনের করোনা পজিটিভ আসে।

এর মধ্যে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার মেয়ে তানিয়া আজাদের পর ছেলে ফারহান আজাদ মুগ্ধর নাম রয়েছে। এছাড়া আজকের আরেকজন গোড়াই সোহাগপাড়ার আনোয়ার হোসেন (৪২)।

আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, বেশ কিছু দিন ধরে তিনি শরীরে ব্যথা অনুভব করছিলেন। গত বুধবার তিনি তার স্ত্রী ও ছেলে মেয়ে ও বাসার কাজের লোকসহ ৬ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে চারদিন পর রবিবার তার এবং মেয়ের রিপোর্ট পজিটিভ আসে এবং সোমবার ছেলের রিপোর্টও  পজিটিভ এসেছে। তবে তার স্ত্রী ফাতেমা আজাদ এবং বাসার দুই কাজের লোকের রিপোর্ট নেগেটিভ আসে।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৩ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়েছেন ৪৩ জন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।