টোকিওবাসীর অর্ধেকই ২০২১ সালে অলিম্পিক চান না

এ বছর জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ২০২১ সালেও অলিম্পিক হবে কিনা এনিয়ে নানা গুঞ্জন রয়েছে।

এ অবস্থায় একটি জরিপে দেখা গেছে, টোকিও শহরের অর্ধেকের মতো মানুষ চায় না ২০২১ সালেও অলিম্পিক আয়োজিত হোক।

বিসিবি জানান, জাপানের দুটি সংবাদ সংস্থা এই জরিপ চালায়। ৫১.৭% লোক আশা করে ২০২১ সালেও যাতে এই অলিম্পিক না হয়। এর মধ্যে ২৭.৭% লোক অলিম্পিক পুরোপুরি বাতিলের পক্ষে। ২৪% লোক পেছানোর পক্ষে।

আর ৪৬.৩% বলছেন, ২০২১ সালে নতুন যে সূচি দেওয়ার হয়েছেন সেই সূচিতেই আয়োজিত হোক অলিম্পিক।

২৬ থেকে ২৮ জুন টেলিফোনের মাধ্যমে কিওদো নিউজ ও টোকিও এমএক্স টেলিভিশন এ জরিপ চালায়। ১০৩০ জন টোকিও বাসিন্দা এতে সাড়া দেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩১.১% দর্শকবিহীন অলিম্পিক আয়োজনের কথা বলেছেন। আর ১৫.২% বলছেন তারা পরিপূর্ণ অলিম্পিক দেখতে চান।

করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চে অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে যা ২০২১ সালের ২৩ জুলাই শুরু হওয়ার কথা। ২০২১ সালে হলেও আসরটির নাম করণ ‘টোকিও ২০২০ অলিম্পিক’- ই থাকবে।