ঢাকার ধামরাইয়ে হাসপাতালের বিল দিতে না পেরে ৬০ হাজার টাকায় নবজাতককে বিক্রির ঘটনায় জড়িত এক নার্সসহ তিনজনকে গতকাল সোমবার আটক করেছে পুলিশ। এ সময় নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার গুচ্ছগ্রামের ভাড়াটিয়া নাজমা বেগম প্রসব বেদনা নিয়ে কালামপুর ডাউটিয়া এলাকার রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। রাতেই তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু অভাবের কারণে হাসপাতালের বিল পরিশোধ করতে পারেননি। পরে তিনি হাসপাতালের নার্স সাদিয়া বেগমের পরামর্শে নবজাতককে গত রবিবার ৬০ হাজার টাকায় বিক্রি করে হাসপাতালের ১০ হাজার ৫০০ টাকা বিল পরিশোধ করেন।
এ ঘটনা জানাজানি হলে সাদিয়া বেগমকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে ধামরাই থানার পুলিশ। নবজাতককে কেনার অভিযোগে এ সময় হেলাল উদ্দিন ও সাথী আক্তার নামে এক দম্পতিকেও আটক করে পুলিশ।