সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে শহরের ইটাগাছা কামালনগর এলাকায় মানববন্ধন করা হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বানে গতকাল সোমবার দুপুর ১২টার সময় এই কর্মসূচি শুরু হয়।

মানববন্ধন ও ভুক্তভোগীদের সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, অধ্যক্ষ (অব.) আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সমাবেশ আনিসুর রহিম বলেন, শহরের মাঝখানে ইটাগাছা পূর্বপাড়া এলাকার ৩০০ বিঘা ফসলি জমি ও ৪০০ পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুম তীব্র হলে মানুষের জনজীবন বিপর্যস্ত হবে।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, প্রভাবশালী ঘেরমালিকদের কারণে আট বছর ধরে পানিবন্দি আছেন তারা। তাদের চলাফেরা করতে হচ্ছে বর্জ্য পানির মধ্য দিয়ে। গোসল ও খাওয়ার পানির সংকটও সৃষ্টি হয়েছে।