নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলার ডুবে বেচন (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকের এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। এ সময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকাডুবিতে মৃত জেলে বেচনের মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়।
তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে।
এছাড়া নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩) জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবেরের ছেলে।
হাতিয়া থানার ওসি মো.আবুল খায়ের জানান, গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিলেন। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ।