ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।
আব্দুর রহমান ওই উপজেলার হেলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ বেশকিছু রোগে ভুগছিলেন।
মৃত ব্যক্তির পুত্রবধূ শিউলী বেগম জানান, তার শ্বশুরের উচ্চ রক্তচাপ ছিল। এছাড়া গত কয়েক দিন আগে পাতলা পায়খানা হয়। গত ২৯ জুন থেকে জ্বর ও হালকা শ্বাসকষ্টও শুর হয়। এছাড়া তার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, রোগীর জ্বর, শ্বাসকষ্টসহ বেশকিছু রোগ ছিল। রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তার শরীরে করোনা ছিল কিনা।
এছাড়া গত রবিবার ২৮ জুন রাতে একই গ্রামের কাপড় ব্যবসায়ী মোস্তাক আহমেদ (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি হেলাই গ্রামের গ্রামের মতলেব মন্ডলের ছেলে।