শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে কদিন আগে অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছে করে হেরেছিল শ্রীলঙ্কা। তার এই অভিযোগের পর তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। এরই অংশ হিসেবে দেশটির সাবেক অধিনায়ক ও ওই বিশ্বকাপের সময় লঙ্কান দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কান পুলিশ।
কলম্বোতে মঙ্গলবার ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ককে। বুধবার ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। থারাঙ্গা ভারতের বিপক্ষে ফাইনালে ওপেন করতে নেমে ২০ বলে মাত্র ২ রান করেছিলেন।
ডি সিলভাকে জিজ্ঞাসাবাদের কারণ ফাইনালের ওই ম্যাচে শ্রীলঙ্কা একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছিল।
ওই বিশ্বকাপের সময়ের শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে গত ১৮ জুন অভিযোগ করে একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, ‘২০১১ বিশ্বকাপ পাতানো ছিল। আমি এটি দায়িত্ব নিয়েই বলেছি, বিতর্ক তৈরি হলেও বলবো…। আমি কোনো ক্রিকেটারকে জড়িত করব না। তবে নির্দিষ্ট গ্রুপগুলো এই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।’