চট্টগ্রাম বন্দরে বিদেশি পতাকাবাহী জাহাজে আগুণ

চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য খালাসরত অবস্থায় পানামা পতাকাবাহী একটি জাহাজে বুধবার বিকেলে আকস্মিক আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব না হওয়ায় জাহাজটিকে দ্রুত বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদ দেশ রূপান্তরকে বলেন, বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে বার্থিং নেওয়া এমভি ইজুমু জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জাহাজ কান্ডারী-৮ ও কান্ডারী-১০ দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলে। কিন্তু আগুন নেভানো সম্ভব না হওয়ায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় জাহাজটিকে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়।

বন্দর সূত্র জানায়, ১৪৭ দশমিক ২ মিটার লম্বা ও ৮ মিটার ড্রাফটের জাহাজটিতে বিভিন্ন ধরণের প্রজেক্টের মালামাল রয়েছে। তাৎক্ষনিকভাবে আগুন নেভানো সম্ভব না হওয়ায় জাহাজের হ্যাজের ভেতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়া হয়েছে। এতে আগুন নিভে যাবে বলে আশা করা হচ্ছে। আগুন নিভে যাওয়ার বিয়টি নিশ্চিত হলেই জাহাজটি পুনরায় জেটিতে ভিড়ানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।