করোনা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে ক্লান্ত। তারপরও শ্যুটিংয়ে অংশ নিতে পারছেন না। তার সঙ্গে কথা বলেছেন রণ

ঘরবন্দি জীবন...

গাড়ে তিন মাস ঘরবন্দি জীবন কাটছে। প্রতিদিনই একইভাবে যাচ্ছে। অফুরন্ত অবসর। তারমধ্যেও নিজেকে সতেজ রাখার চেষ্টা করি। সন্তানদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। ব্যস্ততার কারণে তাদের যত সময় দেওয়ার প্রয়োজন তা দিতে পারতাম না। তাই এই সময়টা তাদের সঙ্গে কাটাতে পেরে মন থেকে শান্তি পাই। এছাড়া দেশি-বিদেশি সিনেমা দেখি। অভিনয় তো চর্চার বিষয়। যার কোনো স্কুলিং নেই সেও চর্চার মধ্যে থাকলে এক সময় ভালো অভিনেতা হতে পারে। তাই সিনেমা দেখে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।

নতুন উপলব্ধি...

করোনা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আগে জীবনের আদর্শ, কাজ কর্ম নিয়ে খুব একটা ভাবতাম না। হাতে অনেক সময় থাকায় এখন এসব নিয়ে ভাবি। তা থেকে আমি বুঝতে শিখেছি আমরা অনেক ভুল করেছি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমরা ভালো কাজের অভ্যাস প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন অনেকেই বলছে আর ভুল করব না, ভালো হয়ে যাব। আমি মনে করি যে যার সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে জীবন ধারণ করলে পৃথিবী আবার আমাদের আপন করে নেবে।

শ্যুটিংয়ে ভয়...

ইচ্ছা করছে শ্যুটিংয়ে যেতে। কিন্তু সত্যি বলতে, আমি এখনই শ্যুটিংয়ে যেতে ভয় পাচ্ছি। শুধু নিজের কথা ভাবলে হবে না, পরিবার জড়িত রয়েছে আমার সঙ্গে। আমার জন্য তারা কোনো বিপদে পড়ে তা আমি চাইতে পারি না। জানি না কতদিনে সব ঠিক হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই কাজে ফিরব।

প্রেক্ষাগৃহ নিয়ে সংশয়...

আমরা হয়তো কয়েক মাসের মধ্যেই শ্যুটিং শুরু করতে পারব। কিন্তু প্রেক্ষাগৃহ কবে খুলবে বা খুললেও দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি চাই আমার সিনেমা প্রেক্ষাগৃহের রুপালি পর্দাতেই মুক্তি পাক। কারণ সিনেমা হলের বড় পর্দার সিনেমা দেখার মজাই আলাদা। কিন্তু বাস্তবতা হচ্ছে, সারা বিশে^র মতো আমাদেরও অনলাইনের ওপর অনেকটা নির্ভর করতে হবে ভবিষ্যতে।

কাজ চলছে...

বেশকিছু সিনেমা আমার হাতে রয়েছে। পরীমনির সঙ্গে বাহাদুরী ও নদীর বুকে চাঁদ সিনেমা দুটি প্রায় শেষ। মাহির সঙ্গে আনন্দ অশ্রু ও আমার মা আমার বেহেশত সিনেমা দুটির কাজও শেষ পর্যায়ে। গোপন সংকেত নামের আরও একটি সিনেমা রয়েছে নতুন নায়িকার সঙ্গে।

অনুদানপ্রাপ্ত নতুন সিনেমায়...

সম্প্রতি ঘোষিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার তালিকায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমাটি রয়েছে। এই পরিচালকের ‘জান্নাত’ সিনেমা করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তিনিও পেয়েছেন। তার পরের সিনেমা ‘আনন্দ অশ্রু’র নায়কও আমি। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেমন ভালো, কাজের ক্ষেত্রেও আমাদের রসায়ন দারুণ। আমি চাই তার নতুন সিনেমাটিও করতে। কিন্তু অনুদান পেয়েছেন মূলত প্রযোজক। তারও পছন্দ থাকতে পারে। আমার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত কিছু বলতে পারছি না। সব ঠিক থাকলে কাজটি আমি করব।