টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় দুই শিশু ও এক পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জন।
বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ২৮ ও ২৯ জুন ঢাকা শিশু হাসপাতালে পাঠানো নমুনা থেকে ১৭ জনের করোনায় আক্রান্তের কথা বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। এছাড়া করোনায় আক্রান্ত এক নারীর প্রথম পরীক্ষায়ও পজিটিভ আসার কথা জানানো হয়।
আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য, মির্জাপুর পৌর এলাকায় চারজন, আজগানা ইউনয়নের পলাশতরী গ্রামের একজন, গোড়াই ইউনিয়নের দুই শিশুসহ দশজন, এবং ফতেপুর ইউনিয়নের একজন।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১৯ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ্ হয়েছেন ৬২ জন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।