ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছেন শশাঙ্ক মনোহর: শ্রীনিবাসন

একদিন আগে আইসিসির চেয়ারম্যানের পদ ছেড়েছেন শশাঙ্ক মনোহর। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদ থেকে সড়ে দাঁড়াতে না দাঁড়াতেই তাকে আক্রমণ করে বসলেন আইসিসি ও বিসিসিআইয়ের সাবেক প্রধান এন শ্রীনিবাসন।

শ্রীনিবাসনের দাবি, আইসিসির চেয়ারম্যান থাকাকালীন মনোহর ভারত বিরোধী কাজকর্ম করে গেছেন। ভারতীয় ক্রিকেটের অনেক ক্ষতি করার পর এখন ভয়ে পালিয়ে যাচ্ছেন মনোহর।

শ্রীনিবাসন বলেন, ‘সৌরভের (সৌরভ গাঙ্গুলি) নেতৃত্বে নতুন কমিটি বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর মনোহর বুঝে গেছে তার পক্ষে আর আইসিসির দায়িত্বে থাকা সম্ভব নয়। নতুন বিসিসিআই কমিটির কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না বুঝেই পালিয়ে যাচ্ছে ও। শশাঙ্ক সরে যাওয়ায় ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকেই খুশি হবে।’

এখানেই থামেননি শ্রীনি। বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি শশাঙ্ক মনোহর ভারতীয় ক্রিকেটের বিস্তর ক্ষতি করেছে। নিজে একজন সাবেক বিসিসিআই সভাপতি হওয়া সত্ত্বেও আর্থিক দিক দিয়ে ভারতীয় বোর্ডকে দুর্বল করার চেষ্টা করেছে। ওর জন্য বোর্ডকে আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে।’

মনোহরের জন্য ক্রিকেট বিশ্বে ভারতের গুরুত্ব কমেছে বলেও দাবি শ্রীনিবাসনের, ‘শুধু তাই নয়, ক্রিকেটবিশ্বে ভারতের গুরুত্ব কমেছে মনোহরের জন্যই। আইসিসিতে থেকে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকারক ভূমিকা নিয়েছে ও।’

২০১৫ সালে আইসিসির চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন শশাঙ্ক মনোহর। দায়িত্ব নিয়েই বেশ কিছু কাজের জন্য প্রশংসা কুড়ান তিনি।

আইসিসি চেয়ারম্যান হিসেবে এন শ্রীনিবাসন যে বিতর্কিত ‘বিগ থ্রি’ মডেল চালু করেছিলেন, তা নস্যাৎ করেন মনোহরই। আর্থিক লভ্যাংশ বণ্টনেও ভারতের জন্য যে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছিলেন শ্রীনি, তাও ভেস্তে দেন শশাঙ্ক। মূলত এরপর থেকেই মনোহরকে ভারতীয় ক্রিকেটের শত্রু বলে আসছেন শ্রীনিবাসন।