ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত এবং অপর তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কৃষককের নাম সিদ্দিকুর রহমান মোল্লা (৬৩)। তিনি ওই গ্রামে মৃত আদিলউদ্দিন মোল্লার ছেলে। নিহতের বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। একই ঘটনায় আহত হন সিদ্দিকুরের ছেলে কামরুল (৪০), মনিরুল ইসলাম (২৫), হানিফ মোল্লা (২৪)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোড়কদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মুকুল হোসেনের সাথে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিপক্ষের সাবেক ইউপি সদস্য মো. আহমেদ আলীর বিরোধ চলে আসছিল। তারই অংশ নিসেবে আহমেদ সরদারের লোকজনের হামলায় একজন নিহত হয়েছে।
তিনি বলেন, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কোড়কদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মুকুল হোসেন বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আহমেদের সমর্থকরা সিদ্দিকুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং তার ছেলেসহ তিনজনকে আহত করে।