সাঙ্গাকারাকে প্রায় ১০ ঘণ্টা জেরা, ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ

২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিং অভিযোগের তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। এরই অংশ হিসেবে অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের দীর্ঘ সময় পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে। এই তালিকায় আছেন মাহেলা জয়াবর্ধনে, উপুল থারাঙ্গাও।

কিন্তু কিংবদন্তি ক্রিকেটারদের এভাবে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা মোটেও ভালোভাবে নেয়নি অনেক ক্রিকেট প্রেমী। তাই তো তাদের একটা অংশ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে।

২০১১ বিশ্বকাপ জিততে না পারলেও শ্রীলঙ্কা রার্নাসআপ হয়েছে। সেই হিসেবে সাঙ্গাকারা, জয়াবর্ধনেরা লঙ্কান ক্রিকেটপ্রেমীদের চোখে বিশ্বকাপ নায়ক। তা ছাড়া ক্রিকেটে নিজেদের কিংবদন্তিদের তালিকায় নিজে গেছেন এই ক্রিকেটাররা। অরবিন্দ ডি সিলভা লঙ্কানদের ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। কিন্তু তাদেরকেই পুলিশের সামনে ঘণ্টার পর ঘণ্টা জবানবন্দি দিতে হচ্ছে।

গত মঙ্গলবার ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নির্বাচক কমিটির প্রধান ডি সিলভাকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশ। বৃহস্পতিবার লঙ্কান স্পোর্টস মিনিস্ট্রির বিশেষ পুলিশ ইউনিটের মুখোমুখি হয়েছিলেন কুমার সাঙ্গাকারা।

কোনো কোনো মাধ্যম বলছে তাকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেউ বলছে ৫ ঘণ্টা। কেউ লিখেছে সময়টা প্রায় ১০ ঘণ্টা।

কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে এই ব্যবহারে ক্ষুব্ধ না অনেক ক্রিকেট প্রেমীই। এক বিশেষ মঞ্চের উদ্যোগে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে জমায়েত হন বহু মানুষ।

২০১১ বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দানন্দা আলুথগামাগে গত ১৮ জুন অভিযোগ করে বলেছিলেন, ‘২০১১ বিশ্বকাপ পাতানো ছিল।’ এরপরই লঙ্কান ক্রিকেটে ঝড় উঠে। শুরু হয়েছে এমন গুরুতর অভিযোগের তদন্ত।