ত্রাণের চাল আত্মসাৎ

চেয়ারম্যানসহ ২ জনপ্রতিনিধি বরখাস্ত

দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বরখাস্ত দুজন হলেন ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদি হুমায়ুন কবীর এবং হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার ৫ নম্বর বানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদি হুমায়ুন কবীর এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মোট ১০৪ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ৩৩ জন ইউপি চেয়ারম্যান, ৬৫ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর ও ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।