‘২০২১-এ শিরোপা তাড়া করবে লিভারপুল’

শিরোপা ধরে রাখার ক্ষেত্রে আগামী মৌসুমে লিভারপুলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন ইয়ুর্গেন ক্লপ। এই জার্মান কোচের মতে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি, এই তিন দলও ইংলিশ প্রিমিয়ার লিগের পরের আসরে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে।

দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতেছে লিভারপুল। এটি লিভারপুলের ১৯তম লিগ শিরোপা। শেষবার যখন তারা চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতেছিল, তখন আসরটি পরিচিত ছিল ইংলিশ ফার্স্ট ডিভিশন নামে। অর্থাৎ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতার স্বাদ পেয়েছে দলটি।

গতকাল রাতে ম্যানসিটির সঙ্গে ম্যাচ খেলার আগে এক সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘পরের মৌসুমে আমরা লিগ শিরোপা রক্ষা করব না; তাড়া করব। এতদিনে আমি একটা বিষয় শিখেছি, যখন মনে হবে চূড়ায় উঠে গেছি, একই সঙ্গে তখন বুঝতে হবে যে, নিচে নামার যাত্রাও শুরু হয়ে গেছে।’ ম্যানসিটির সঙ্গে ম্যাচের ফলের ওপর ভিত্তি করে আগামী মৌসুম সম্পর্কে ধারণা তৈরি করা উচিত হবে না। বরং তিনি বিশ্বাস করেন যে, শিরোপা নিয়ে পরেরবার লড়াই হবে চারটি দলের মধ্যে এবং লিভারপুল ও ম্যানসিটি উভয় দলকে ছন্দে ফেরা ম্যান ইউনাইটেড ও তরুণদের নিয়ে গড়া চেলসির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে।

‘আমরা দেখছি যে, ইউনাইটেড উঠে আসছে। মানুষ ভেবেছিল, তাদের কোনো সুযোগ নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি একজন বা দুজন খেলোয়াড় যোগ দেওয়ায় তারা কতটা ভালো করছে এবং তারা আরও কতটা ভালো করতে পারে। নিশ্চিতভাবেই আগামী মৌসুমে তারা খারাপ করবে না এবং এখন চেলসিও ভালো করছে।’