বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মুর্শেদুল আলমের নেতৃত্বে শতাধিক শ্রমিক-কর্মচারী বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সেøাগান দেন। এ ছাড়া শ্রমিক-কর্মচারীরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। আগামী চার দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শাহ আলম বলেন, ব্যবস্থাপনা পর্ষদ আমাদের ঈদুল আজহার বোনাস বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি অমানবিক। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান বলেন, বছরে তিনটি বোনাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে একটি বোনাস বাতিল করা হয়েছে।