রূপগঞ্জে ৩০০ কেজি পিরানহা জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ভুলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান এ অভিযান পরিচালনা করেন। আফিফা খান দেশ রূপান্তরকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা এলাকার মাছবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ব্যবসায়ীরা চাষ ও বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ ট্রাক থেকে নামাচ্ছিলেন। পরে মাছ ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এ সময় তিনটি ড্রামে প্রায় ৩০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পিরানহা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি  চাষ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। জব্দ করা মাছ মাটিচাপা দেওয়া  হয়েছে।