প্রবীণ সাংবাদিক, প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় শুক্রবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারুক কাজী। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফারুক কাজীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ।
প্রয়াতের মেয়ে আরশি জানান, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান।
ফারুক কাজী কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি।