কোচ ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান

পাকিস্তানের সাবেক অধিনায়ক অধিনায়ক ইউনিস খান সম্পর্কে ভয়ানক এক অভিজ্ঞতার জানালেন দেশটির ক্রিকেট দলের সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। জানিয়েছেন, একবার অস্ট্রেলিয়া সফরের সময় ব্যর্থতা থেকে বের হয়ে আসার কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলে মেজাজ হারিয়ে গলায় ছুরি ঠেকিয়েছিলেন ইউনিস।

বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ার ও সঞ্চালক নেইল মানথ্রপের সঙ্গে ‘ফলোইং ইন ক্রিকেট পডকাস্ট’ নামক অনুষ্ঠানে বৃহস্পতিবার এই বিস্ফোরক তথ্য দেন গ্র্যান্ট ফ্লাওয়ার।

জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। বর্তমানে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

পাকিস্তানের কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, “অভিজ্ঞতা বেশ অদ্ভুত। কয়েকজনকে পরামর্শ দিলেও তারা অন্যভাবে নিয়েছে। তার মধ্যে ইউনিস খান অন্যতম। ওকে কিছু বোঝানো খুব কঠিন।’’

একটি উদাহরণ দিয়ে গ্র্যান্ট বলেন, ‘‘ক্রিকেট জীবনে ও খুবই সফল। পরিসংখ্যানের দিক থেকে আমি ওর ধারে কাছে আসি না। কিন্তু ব্যাটিং কোচ হিসেবে পরামর্শ দেওয়া আমার কাজ।’’

“আমার ব্রিসবেনের একটি ঘটনার কথা পড়ে। টেস্ট চলাকালে নাশতার সময় আমি তাকে ব্যাটিংয়ের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম...সে আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। বরং সে আমার গলায় ছুরি ধরে। মিকি আর্থার পাশেই বসা ছিল, ও এসে তাকে সামলায়।”

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ইউনিস শূন্য রানে আউট হওয়ার পরই সেই ঘটনা ঘটে। তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি ৬৫ রান করে ঘুরে দাঁড়ান। ২০১৬ সালের সেই অস্ট্রেলিয়া সফরে আবার ইউনিস তৃতীয় টেস্টে ১৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তবে সিরিজে পাকিস্তান ৩-০তে হোয়াইটওয়াশ হয়।

ইউনিসের সঙ্গে ওই ঘটনাকে কোচিংয়ের অংশ হিসেবেই দেখছেন গ্র্যান্ট ফ্লাওয়ার, “হ্যাঁ, এটা একটু অন্যরকম ঘটনা ছিল। তবে এটা কোচিংয়েরই অংশ। একটা সফরের বাজে দিক ছিল এটি। কিন্তু আমি সত্যিই এমন ঘটনা উপভোগ করেছি। আমি এখনো অনেক কিছু শিখছি।”