কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৭) নামে এক হোটেলবয় নিহত হয়েছে। শুক্রবার সন্ধা ৭টায় শহরের চর আমলাপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের জের ধরে চর আমলাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিনারুল তার পকেটে থাকা চাকু বের করে তরিকুলের শরীরে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। এতে তরিকুল মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরিকুল হত্যার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন মিনারুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।