করোনায় শিক্ষক ও তরুণীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় করোনাভাইসে আক্রান্ত হয়ে মোহনা বেগম (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা যান। মোহনা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর কৃষ্ণপুরের মকছেদ আলীর মেয়ে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনায়েতুল্যা নাজিম করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহনা বেগমকে গত ২৯ জুন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই সন্ধ্যায় মোহনা মারা যান। মোহনার চাচি রহিমা বেগম বলেন, ‘মোহনা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। সেখানে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় সে গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার কয়েক দিন পর মোহনা তার নানির বাড়ি নওগাঁ বেড়াতে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। সেই সময় নওগাঁ সদর হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও সেই নমুনার ফলাফল না আসায় সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর গত ২৬ জুন নওগাঁ সিভিল সার্জন কার্যালয় থেকে তার মোবাইল ফোনে জানায় মোহনা করোনাভাইরাসে আক্রান্ত।

অপরদিকে, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ (৫৬) নামে এক করোনা রোগী গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। তার বাড়ি শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে।