রূপগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরপার্টস ব্যবসায়ী হেকমত আলী (৪০) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ মানববন্ধন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের তিন মাস পর এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশে উপজেলার কোশাব এলাকার একটি পুকুরে ডোবানো বন্ধ ড্রাম থেকে হেকমত আলীর লাশ উদ্ধার করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন হেকমত আলীর মা জাহেদা বেগম, স্ত্রী রোকসানা বেগম, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর রোকন উদ্দিন, মফিকুল ইসলাম, আবু নাঈম, হাফিজুর রহমান প্রমুখ।

গত ১৪ এপ্রিল হেকমত আলীর স্ত্রী রোকসানা বাদী হয়ে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন। এ মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি রফিকুল ইসলাম সবুজকে জিজ্ঞাসাবাদ করে। রফিকুল পিবিআইয়ের কাছে স্বীকার করে সে হেকমতকে হত্যার পর লাশ একটি ড্রামে ভরে ওপরে সিমেন্টের ঢালাই দিয়ে মাছের খামারের পাশে ফেলে রাখে।