পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শরীরে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দ্য ডন। গত শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি ঘরের ভেতর কোয়ারেন্টাইনে আছেন জানিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ডন জানিয়েছে, শুক্রবার বিকেলে সামান্য জ্বর জ্বর অনুভূত হওয়ার পর কুরেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করান।

টুইট বার্তায় তিনি জানান, ‘আমি এখন কভিড-১৯ পজিটিভ। আল্লাহর দয়ায় এখনো শক্ত ও উদ্দীপ্ত আছি। বাড়ি থেকেই কাজ চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন।’ কুরেশির আগেও পাকিস্তানের বেশ কজন রাজনীতিকের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাদের মধ্যে পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার, সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল, পিপিপি নেতা সৈয়দ গনি এবং রেলমন্ত্রী শেখ রশিদ সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে ডন।