ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে গেছে, বার্সেলোনায় মন উঠে গেছে লিওনেল মেসির। স্প্যানিশ গণমাধ্যমের এমন নানা খবরে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এতে যোগ দিলেন ২০০২-এ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রিভালদোও। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার মজা করে বললেন, এরই মধ্যে অনেকে নিশ্চয় সময়ের সেরা দুই ফুটবলারকে একই দলে দেখার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনার হয়ে খেলছেন মেসি। সেখানে রোনালদো স্পোর্তিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের পর এখন খেলছেন
জুভেন্তাসে। সুদীর্ঘ এই পথচলায় একসঙ্গে একই দলে এখনো দেখা যায়নি দুজনকে।
ভবিষ্যতেও এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রোনালদো পেরিয়ে গেছেন ৩৫ বছর, কদিন আগে মেসি পূর্ণ করেছেন ৩৩। তবে সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় ঘটে যাওয়া কিছু ঘটনায় আর সবশেষ স্প্যানিশ রেডিও কাদেনা সেরের এক খবরে সেই অভাবনীয় কিছুই ভাবতে শুরু করেছে কেউ কেউ। রেডিও চ্যানেলটির দাবি, চুক্তি নবায়নের আলোচনা মাঝপথে বন্ধ করে দিয়েছেন লিওনেল মেসি।
মূলত এই খবরের প্রেক্ষিতেই শুক্রবার বেটফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রিভালদো। ‘এইসব জল্পনার মাঝে আমার মনে হয় কয়েকজন এজেন্ট এরই মধ্যে মেসি-রোনালদোর একসঙ্গে জুভেন্তাসে খেলতে দেখার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এমনটা হলে সারা বিশ্বের জন্যই কত বড় বিষয় না হবে!’
এক যুগের বেশি সময় ধরে ফুটবলে আধিপত্য করে চলেছেন মেসি-রোনালদো। বার্সেলোনা ফরোয়ার্ড জিতেছেন ছয়টি ব্যালন ডি’অর, পর্তুগিজ ফরোয়ার্ড পাঁচটি। রিয়ালে সাফল্যমণ্ডিত দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনে ২০১৮ সালে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। তুরিনে ক্লাবটিতে এসেও দারুণ ছন্দে এগিয়ে চলেছেন তিনি। আর বার্সেলোনার ইতিহাসে রেকর্ড গোলদাতা মেসি সবসময়ের মতোই আছেন সেই ফুটবল জাদুকরের রূপে।
অনেকের মতে, ইতিহাসের সেরা ফুটবলারদের কাতারেও তারা থাকবেন ওপরের দিকে। এমন দুজনকে সত্যিই যদি এক দলে খেলতে দেখা যায়, সত্যিই কেমন হবে বিষয়টা? কিছুক্ষণের জন্য অভাবনীয় ভাবনাটা যেন ঘিরে ধরল রিভালদোকেও।
মেসির মতো একজনকে দলে টানতে ট্রান্সফার ফির অঙ্কটা যে হবে আকাশছোঁয়া, তাতে কোনো সন্দেহই নেই। তারপরও সত্যিই যদি সেই সুযোগ আসে, তাহলে জুভেন্তাসে সেটা সম্ভব করতে পারবে বলেই মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ‘দুজনকে একসঙ্গে খেলতে দেখাটা হবে বিস্ময়কর। আর আমি নিশ্চিত, জুভেন্তাসের অনেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটাকে বাস্তবায়িত করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করতে স্বেচ্ছায় এগিয়ে আসবে। তাই মেসির জন্যও এটা একটা সম্ভাবনা বটে। তার দলবদলের গুঞ্জন যদি ওঠে, তাহলে সব দলই মেসিকে দলে ভেড়ানোর উপায় নিয়ে ভাববে।’
যার অধীনে প্রায় এক দশক আগে তরুণ মেসির দীপ্তি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, সেই পেপ গার্দিওলা এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ। আগামীতে গুরু-শিষ্যের মিলন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রিভালদো, ‘(বার্সার সঙ্গে) মেসির চুক্তি যখন শেষ হবে (২০২১ সালে), তখন তার বয়স হবে ৩৪ বছর। তবে তার যে দক্ষতা রয়েছে, তাতে আমি মনে করি প্রিমিয়ার লিগে খেলাটা তার জন্য সহজই হবে।’ রিভালদো মনে করেন বার্সার ড্রেসিং রুমে নিশ্চয়ই কোনো সমস্যা চলছে। নইলে মেসি সাধের বার্সা ছাড়তে চাইতেন না।