সেরা খেলোয়াড়দেরই নামাবেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চার গোলে হেরেছে লিভারপুল। আজ অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ ছাড়াও ৫ ম্যাচ বাকি তাদের। শিরোপা নিশ্চিত হলে এই ধরনের ম্যাচে মূল একাদশে কম সুযোগ পাওয়া, অনভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তেমন কোনো পরিকল্পনা নেই। প্রিমিয়ার লিগে খেলার সুযোগকে পুরো স্কোয়াডের মধ্যে ‘ক্রিসমাস উপহারে’র মতো বিলাতে চান না তিনি। আজকের ম্যাচের দল নির্বাচনে কোনো ধরনের পরিবর্তন আসছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্লপ। পূর্ণশক্তির দল নিয়েই বাকি ম্যাচ খেলবে লিভারপুল। ক্লপ বলেন, ‘অনেকেই বলতে পারে আমরা শিরোপা জিতেছি তাই বলে আমাদের তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত। এমন করার পর আমরা হেরে গেলে বলা হবে আমরা ফোকাস ছিলাম না। আমরা এটা করিনি, ওটা করিনি।’ তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া সম্পর্কে বলেন, ‘তরুণ খেলোয়াড়রা ভালো করছে। তবে তাদেরকে এমনিতে প্রিমিয়ার লিগে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে না। আমরা ম্যাচ জিততে চাই, আর সেটা করতে হলে মাঠে সেরা খেলোয়াড়দেরই প্রয়োজন।’ ইন্টারনেট।