দুর্নীতির অভিযোগ, তদন্তে বাধা

আক্কেলপুরের ওসি প্রত্যাহার যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগের ভিত্তিতে জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া পুলিশের তদন্তে বাধা দেওয়া ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোয় স্থানীয় চার যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বুধবার জয়পুরহাট পুলিশ সুপারের কাছে ওবায়েদের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ, মাদক-সংশ্লিষ্টতা, মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখানোর লিখিত অভিযোগ করেন স্থানীয় তিলকপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম। গ্রেপ্তাররা হল তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, তাদের সহযোগী আরিফুল ইসলাম ও রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট জেলা যুবলীগ সভাপতি সুমন কুমার সাহা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আক্কেলপুর থানার ওসি সেলিম মালিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে মামলা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

ওবায়েদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির দেশ রূপান্তরকে বলেন, ‘জয়পুরহাটের কোনো পুলিশ সদস্য যদি অন্যায়ের সঙ্গে জড়িত থাকেন, অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’