গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় চয়ন খান (২৬) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক চয়ন খান সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত চয়ন ইজিবাইক নিয়ে গোপালগঞ্জে থেকে কাশয়ানীর দিকে যাচ্ছিলেন।

এ সময় মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ইজিবাইকের চালক চয়ন বাসের সঙ্গে আটকে গিয়ে একশ গজ দূরে গিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।