ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকা থেকে ১৪ কার্টন সরকারি ও আমদানি নিষিদ্ধ্ ওষুধ জব্দ করেছে ঝিনাইদহ র্যাব-৬।
রবিবার দুপুরে এ অভিযান চালায় র্যাব। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামের একজনকে আটক করা হয়।
আটক দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানি নিষিদ্ধ্ ওষুধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে ১৪ কার্টুন্ ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দীপক বিশ্বাসকে।
র্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।