বরগুনা হাসপাতালে ‘হাই ফ্লো নাজাল কেনুলা’ মেশিন হস্তান্তর

করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ‘হাই ফ্লো নাজাল কেনুলা’ মেশিন হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাগরিক সমাজের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের কাছে এ মেশিন হস্তান্তর করা হয়।

নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া হাই ফ্লো নাজাল কেনুলা মেশিন গ্রহণ করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

পরে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. কামরুল  আজাদের কাছে মেশিনটি বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান, বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেস ক্লাব সভাপতি সঞ্জীব দাস, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল ও আমাদের জন্য আমরা এর সংগঠক মুশফিক আরিফ প্রমুখ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বরগুনার নাগরিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা বরগুনাবাসী আজ যেভাবে জনগণ এবং সরকারের সহযোগিতায় এগিয়ে এসেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণ ও প্রশাসন আমরা সকলে মিলে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে চললে ইনশাল্লাহ করোনার সংক্রমণ প্রতিরোধে সফল হবো।