ঈদের আগে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎ সংযোগ না থাকায় ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কার কথা জানিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার সকালে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
নোটিশে উল্লেখ করা হয়েছে, কারখানার বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে, সেই সাথে করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কার কারণে কারখানায় কর্মরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।
এদিকে করোনাভাইরাসের মহামারিতে ঈদের আগে কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছেন সহস্রাধিক শ্রমিক কর্মচারী। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অমানবিক উল্লেখ করে শ্রমিকরা জানান, বর্তমান কঠিন সময়ের মধ্যে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জীবন বাঁচাতে দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবিও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন কর্মকর্তা বলেন, বেশ কিছুদিন ধরেই চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল কারখানাটি। পল্লী বিদ্যুৎ অফিসের কাছে প্রায় ৭০ লাখ টাকার চেয়েও বেশি বিল বকেয়া পরে। দফায় দফায় পরিশোধের নোটিশ দিয়েও না পেয়ে শেষ পর্যন্ত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীতে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখার চেষ্টা করা হলেও অত্যধিক ব্যয়বহুল হওয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে কারখানার মিডিয়া ম্যানেজার অনুপম কুমার পাল বলেন, বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১১ জুলাই কারখানাটি খোলা হবে এবং শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন যথা সময়ে পরিশোধ করা হবে।