ইংল্যান্ডে দলের সঙ্গে অনুশীলনে হাফিজ-ওয়াহাবরা

ইংল্যান্ডে পৌঁছে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজরা এখন মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায়। শনিবার ইংল্যান্ড পৌঁছার পর নিয়ম অনুযায়ী ৬ ক্রিকেটারের আবারো করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবার করোনা নেগেটিভ এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের এখন দলের সঙ্গে অনুশীলন করতে বাধা নেই।

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে স্কোয়াডে (২৯ সদস্য) থাকা ক্রিকেটারদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ছয় ক্রিকেটার- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান এবং মোহাম্মদ হাসনাইন পরে দুই দফায় করোনো নেগেটিভ হন এবং ইংল্যান্ডের বিমানে চড়েন। শনিবার তারা ওরচেস্টারে পৌঁছান। সেখানেই তাদের করোনা পরীক্ষা করানো হয়।

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ৩০ জুলাই। তিনটি টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এর আগে গত ২৮ জুন ২০ ক্রিকেটার এবং কোচ ও সাপোর্ট স্টাফ মিলে আরো ১১ জন ইংল্যান্ডে পৌঁছান। উস্টারশায়ারে তাদের কোয়ারেন্টাইন পর্ব চলছে, সঙ্গে অনুশীলনও।

পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে। ওই সিরিজের আরো একটি টেস্ট এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি বাতিল হয়।

ইংল্যান্ড অবশ্য পাকিস্তান সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যেটি শুরু হবে বুধবার। এই সিরিজ দিয়েই করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে।