চট্টগ্রামের জনগণের কভিড ও ননকভিড চিকিৎসা সুযোগ বৃদ্ধি করতে থোক বরাদ্দ থেকে চট্টগ্রামের জন্য টাকা বরাদ্দ ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্রসহ মোট ১১টি সংগঠন।
রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোলপাহাড়, আলমাস সিনেমা , কাজির দেউড়ি হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে মশিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, সুশময় চৌধুরী, নুরুল আফসার, জসিমউদ্দিন হাসান মারুফ রুমি, আসমা আক্তার, ড. ওমর ফারুক প্রমুখ।
গণঅধিকার চর্চা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে ১০ হাজার বেডের আইসোলেশন সেন্টার স্থাপন এখন সময়ের দাবি। আইসোলেন সেন্টারে কভিড টেস্ট এর ব্যবস্থা এবং ২ থেকে তিনটি করে পি.সি.আর মেশিন স্থাপন, জেনেক্সপার্ট মেশিন স্থাপন করতে হবে। কভিড, নন কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করতে সরকারি আধা-সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে হবে। বাড়াতে হবে আইসিইউ বেড।
সভায় বক্তরা কভিড মোকাবেলায় সকল পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন, এই কমিটির হাতে কেনা-কাটাসহ জনবল নিয়োগ, চিকিৎসকদের সুরক্ষা দানের দাবি জানান।