অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ মনে করেন, একমাত্র পাকিস্তানই পারে ঘরের মাঠে ভারতের ঈর্ষণীয় রেকর্ড ভাঙতে। বিরাট কোহলির দলকে তাদের মাটিতেই হারাতে এই মুহূর্তে পাকিস্তান সেরা দল বলে দাবি তার। আর নিজ দেশ অস্ট্রেলিয়া এ ক্ষেত্রে হগের দ্বিতীয় সেরা।
ভারতকে ভারতের মাটিতে এসে হারানোকে বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন কাজ মনে করা হয়। আর সাম্প্রতিক সময়ে নিজেদের মাটিতে বিরাট কোহলির দল কার্যত অপ্রতিরোধ্য।
২০১৪ সালে জাতীয় দলের টেস্ট অধিনায়ক হন কোহলি। এরপর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। ২০১২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সবশেষ টেস্ট সিরিজে হেরেছিল ভারত। এরপর থেকে দেশে টানা ১২টি টেস্ট সিরিজ জিতেছে ভারত।
ওয়ানডেতেও দেশের মাটিতে ঈর্ষণীয় রেকর্ড কোহলিদের। ২০১৭ সালে ওয়ানডে অধিনায়ক হন কোহলি। এরপর থেকে দেশের মাটিতে ৭টি ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। হার বলতে ২০১৯ সাল অস্ট্রেলিয়ার কাছে পরাজয়।
এসব পরিসংখ্যান মাথায় রেখেই নিজের ইউটিউব চ্যানেলে হগ বলেছেন, ‘পাকিস্তানই বর্তমানে ভারতকে ভারতের মাটিতে হারানোর জন্য সেরা দল। ওদের পেস বিভাগ শক্তিশালী। দারুণ কয়েকজন স্পিনারও আছে।’
পাশাপাশি হগ বলেছেন, ‘পাকিস্তান ভারতে যেতে পারে না। তাই অস্ট্রেলিয়া পারে ভারতকে তাদের দেশের মাটিতে হারাতে। নিরপেক্ষ থেকেই এই কথা বলছি। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাশ লাবুশেনের মতো ক্রিকেটার আছে আমাদের। ব্যাটিং-বোলিং দুই বিভাগই শক্তিশালী।’