বড়াইগ্রামে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নে রাস্তা এইচবিবিকরণ (হেরিং বোন বল্ড) কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয়রা আপত্তি জানালেও সংশ্লিষ্টরা তাতে কর্ণপাত করছে না বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর হাজি আবদুর রহিমের মোড় থেকে আবুল কাশেম চেয়ারম্যানের বাড়ির অভিমুখে রাস্তাটি এইচবিবিকরণের কাজ চলছে। ৫৮৫ ফুট দৈর্ঘ্য ও অ্যাজিংসহ (দুই ধারে ইটের খাড়া) সাড়ে ৮ ফুট প্রস্থের এ রাস্তাটির বরাদ্দ ৬ লাখ ২৭ হাজার টাকা। কিন্তু রাস্তাটি করার ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার না মানা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রাস্তার সব কাজে ১ নম্বর ইট দেওয়ার কথা থাকলেও ব্যবহার করা এবং রাস্তার পাশে জমানো ইটের সবগুলোই ৩ নম্বর। এসব ইটের অধিকাংশগুলোতেই রয়েছে রেইন স্পট (বৃষ্টির দাগ)। সাব বেইজ পর্যায়ে ৬ ইঞ্চি পরিমাণ বালু দেওয়ার কথা থাকলেও ২-৩ ইঞ্চির বেশি বালু দেওয়া হয়নি। এর ওপরে ইটের সোলিং পর্যায়ে প্রতিটি ইটের মধ্যে ২-৩ ইঞ্চি পরিমাণ ফাঁক রয়েছে। পরে বালু দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে তার ওপরে ইটের আরেকটি স্তর দেওয়া হয়েছে। এতে নিচের ফাঁকা অংশগুলো ঢেকে দেওয়া হয়েছে।

এ সময় ইট সরবরাহকারী দাবিদার চাটমোহরের খৈরাস গ্রামের সেলিম হোসেন জানান, ইটগুলো ঈশ^রদীর কালামপুর থেকে আনা হচ্ছে। এসব ইটের মধ্যে ১ ও ৩ নম্বর সব রকমই আছে। তবে এ সময় ১ নম্বর মানের অন্তত ১টি ইট দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি।

কাজে নিয়োজিত হেডমিস্ত্রি জয়নাল আবেদীন সাব বেইজে ২-৩ ইঞ্চি পরিমাণ বালি দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মালিক যেমন জিনিস দেবে, তেমন জিনিস দিয়েই তো আমাদের কাজ করতে হবে। তবে স্পটওয়ালা ইটগুলো নিচে দিচ্ছি, একটু ভালোগুলো ওপরে দিচ্ছি। কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছবির উদ্দিন ও জামাত আলী জানান, ৩ নম্বর ইট দিয়ে করা রাস্তাটি ৬ মাসও টিকবে না।  

চান্দাই ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতি আনিসুর রহমান বলেন, ‘যেসব অভিযোগ উঠেছে সেগুলো আমি সমাধানের চেষ্টা করব। আর যেসব ইট খারাপ আছে, সেগুলো বাদ দিতে বলেছি।’ নাটোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী জানান, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।